ইউরো আসরে খেলতে এসেই সেমিফাইনালে ওয়েলস

প্রথমবারের মতো ইউরো আসরে খেলতে এসেই বাজিমাত করেছে ওয়েলস। দারুণ ফর্মে আছেন দলের তারকা গ্যারথ বেল। ৫৮ বছর পর বড় কোনও প্রতিযোগিতায় খেলতে আসা দলটি শুক্রবার রাতে শক্তিশালী বেলজিয়ামকে ৩-১ গোলে উড়িয়ে সেমিতে উঠেছে।
সেমিফাইনালে ওয়েলস মুখোমুখি হবে পর্তুগালের। আর এই ম্যাচেই দুই দলের হয়ে মাঠে নামবেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। আগামী ৬ জুলাই ফাইনালে উঠার লড়াইয়ে এই দল দুটি মুখোমুখি হবে লিওতে।
হাই প্রোফাইল দুই তারকা, তার উপর আবার ক্লাব সতীর্থ। তাই ম্যাচটি ওয়েলস-পর্তুগাল লড়াই নয় বরং রোমাঞ্চ ছড়াচ্ছে বেল-রোনালদো দ্বৈরথ হিসেবে। ক্লাব ফুটবলে বন্ধু হলেও জাতীয় দলের হয়ে এখন একে অন্যের ‘শত্রু’!
নিজ নিজ দলের হয়ে ইউরোতে দারুণ ফর্মে আছেন এই দুই তারকা। তাই লড়াইটা জমজমাট হবে বলেই আশার করছে ফুটবল বিশ্ব। তবে গ্যারেথ বেল জানিয়ে দিয়েছেন, সেমিফাইনালে তিনবারের বিশ্বসেরা ফুটবলার রোনালদোকে নিয়ে চিন্তিত নন তিনি। তার মতে, ‘এটা মূলত পর্তুগাল বনাম ওয়েলস ম্যাচ। এর বাইরে আর কিছুই নয়।’
ওই ম্যাচে পর্তুগালকে হারাতে মুখিয়ে আছেন বেল। তিনি বলেন, ‘আমরা যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠেছি। প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছি। ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে প্রয়োগ করছি। সেমিফাইনালে আমরা নিজেদের উজাড় করে দেব।’



