Uncategorized

ইউপি সদস্যের ঘরের মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার

সংবাদদাতা, লালমোহন(ভোলা) : ভোলার লালমোহন উপজেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন পেয়ে এক ইউপি সদস্যের ঘরে মাটি খুঁড়ে ও এক চৌকিদারের ঘর থেকে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে অভিযোগ পেয়ে লালমোহন থানা-পুলিশ উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের বাড়িতে অভিযান চালায়। সেখানে জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়াও ওই ওয়ার্ডের চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলেও তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, সকাল ৬ টার দিকে ট্রিপল নাইনে ফোন পাই বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এ সময় জুয়েল মেম্বারের ঘরের খাটের নিচ থেকে মাটি খুঁড়ে ৫ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরও ২ বস্তা চাল উদ্ধার করি। জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সঙ্গে সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডও পাওয়া যায় ওই ঘর থেকে।
জানা গেছে, গত শনিবার একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমরের এলাকা থেকে বিভিন্ন বাড়িতে ও মিলে কাঠের গুঁড়োর মধ্যে লুকিয়ে রাখা আরও ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমরসহ ৪ জনকে আসামি করে মামলা হয়। ওমর মেম্বারকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button