আন্তর্জাতিক সংবাদশিরোনাম
ইউক্রেনে বিমান বিধ্বস্ত : ৫ জন নিহত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে আজ শুক্রবার সকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, অ্যান্তোনোভ-১২ নামের এই সামরিক বিমানটি ব্যবহৃত হতো এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা মালামাল সরবরাহের কাজে। ইউক্রেন এয়ার লাইন্সের এই বিমানটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বিমানবন্দরে অবতরণের আগেই বিধ্বস্ত হয়।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। পরে এটি বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি স্পেনের ভিগো থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। বিমানটিতে সাত জন ক্রু এবং অপর এক যাত্রী ছিলেন। তারা মালামাল বহন করছিলেন।




