Uncategorized

আমন্ত্রণপত্র ছুড়ে ফেলার অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, দাবি রসিক মেয়র মোস্তফা

রংপুর ব্যুরোঃ ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আমন্ত্রণপত্র ছুড়ে ফেলা এবং নগরজুড়ে চলচ্চিত্রটির প্রচারণায় সাটানো পোস্টার-ফেস্টুন নামিয়ে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রের একটি অংশ বলে দাবি করেছেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ করেন তিনি।
উক্ত সংবাদ সম্মেরনে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব উম্মে ফাতেমা ও সিটির প্যানেল মেয়রসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
রসিক মেয়র মোস্তফা বলেন, সিটি পরিষেদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সড়কের মিড-আইল্যান্ডের স্ট্রীট লাইট পোস্টে (বৈদ্যুতিক খুঁটি) থেকে সকল ধরণের পোস্টার-ফেস্টুন অপসারণ করা হয়েছে এবং নতুন কোন পোস্টার-ফেস্টুন না লাগানোর জন্য দশ দিন যাবৎ মাইকযোগে প্রচারণা চালানো হয়। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নগরীর সৌন্দর্য্য বর্ধনে সকল স্ট্রীট লাইট পোস্টে লাল-সবুজের মিশ্রণে এলইডি স্ট্রীপ লাইট স্থাপন করা হয়। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই আয়োজকরা ওই সব লাইট পোস্টে ‘চিরঞ্জীব মুজিব’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রায় ১২০টি ফেস্টুন সাটিয়েছেন।
মেয়র দাবি করে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে নগর ভবনে দুই থেকে তিনজন অপরিচিত ব্যক্তি তাকে আমন্ত্রণপত্র দিতে আসেন। তিনি তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করে টেবিলের ওপর রেখে দেন এবং চলচ্চিলটির আয়োজকদের নিজ দায়িত্বে স্ট্রীট লাইট পোস্টে সাটানো ফেস্টুনসমূহ অপসারণ করতে অনুরোধ করেন। ওই সময় মেয়রের দপ্তরে ছয় থেকে সাত জন কাউন্সিলরসহ আগত প্রায় শতাধিক সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণপত্র ছুড়ে ফেলাসহ যে অভিযোগ তুলে মিথ্যাচার করা হচ্ছে, তা দুঃখজনক দাবি করে মেয়র মোস্তফা উল্টো অভিযোগ করে বলেন, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের গুটি কয়েক সদস্য ঘোলা পানিতে মাছ শিকারের অপরাজনীতির খেলা শুরু করেছেন। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকান্ড দ্রুত গতিতে এগিয়ে চলছে, সেই মুহুর্তে কিছু বিচ্ছিন্ন নেতা এই ঘটনাকে পুঁজি করে অপকৌশলে নোংরা রাজনীতি শুরু করছেন।
এসময় তিনি বলেন, বর্তমান সিটি পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ বিভিন্ন জাতীয় দিবস ও অনুষ্ঠানের প্রচারণা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করে আসছেন। এবারই প্রথম সিটি কর্পোরেশনের মাধ্যমে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক ঐতিহাসিক সুভ্যেনিয়র তৈরি করা হচ্ছে। যা আগামী ১৭ মার্চ জাতির জনকের জন্মবার্ষিকীতে এর মোড়ক উন্মোচন করা হবে।
অন্যদিকে রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি আব্দুর রহিম বাবলু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর শান্ত’র দেয়া এক বিবৃতিতে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করছি। গত ১৬ই ফেব্রুয়ারি/২০২২ইং তারিখ আনুমানিক বিকাল ২.৩০ ঘটিকায় সিটি কর্পোরেশনের মেয়র এর দপ্তরে অপরিচিত ২,৩ জন ব্যক্তি আসেন ও আমন্ত্রনপত্র দেন। এ বিষয় নিয়ে কিছু সংখ্যক নামধারি নেতা ঘোলাপানিতে মাছ শিকারের উদ্দেশ্যে বর্ণিত ঘটনাকে বিকৃত
করে জাতির জনককে অবমাননা করা হয়েছে এবং মেয়রের বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত শুরু করা হয়েছে। আমরা এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরকম একজন নিষ্ঠাবান সৎ ও যোগ্য মেয়র মহাদ্বয়ের বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্তকারীর বিরুদ্ধে রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারীবৃন্দ একাত্বতা ঘোষনা করছি।
উল্লেখ্য, গত ১৬ই ফেব্রুয়ারী নগরীতে এক সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আমন্ত্রণপত্র ছুড়ে ফেলা এবং নগরজুড়ে চলচ্চিত্রটির প্রচারণায় সাটানো পোস্টার-ফেস্টুন নামিয়ে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ তুলেছেন চলচ্চিত্রটির পরিবেশকসহ রংপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এরই প্রতিবাদে এবং প্রকৃত ঘটনা নগরবাসিকে অবগত করার লক্ষে রংপুর সিটি মেয়র সংবাদ সম্মেনের আয়োজন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button