আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হতে পারে রোহিঙ্গা সঙ্কট : পররাষ্ট্র সচিব

রোহিঙ্গা সঙ্কট আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছে পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি বলেছেন, এই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তৎপর রয়েছে।
তিনি বলেন, আমরা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে যাব। এজন্য আমরা সর্বত্র যাচ্ছি। গুরুত্বপূর্ণ সব দেশের সাথে যোগাযোগ রাখছি। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এ সমস্যা সমাধানে বাংলাদেশ সম্ভাব্য সবকিছুই করছে।
আজ শুক্রবার রোহিঙ্গা ইস্যুতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র সচিব এসব কথা বলেন।
কসমস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইফতেখার আহমেদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান।
শহীদুল হক বলেন, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট নীতি রয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিসের প্রধান মেজর জেনারেল (অব:) মুনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার ও নিরাপত্তা বিশেষজ্ঞ শাহিদুল আনাম।
বক্তারা রোহিঙ্গা ইস্যুতে চীন, রাশিয়া ও ভারতের সাথে যোগাযোগ জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক ডেস্ক স্থাপনের পরামর্শ দেন।




