আকিব জাভেদ ঢাকায়

পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ এখন ঢাকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম ও বাংলাদেশ জাতীয় দলের বোলিং পরামর্শক হিসেবে কাজ করতে মাত্র ৭ দিনের জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় পা রেখেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের চলে যাওয়ার পর আকিব জাভেদকে দায়িত্ব দেয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি). কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্বল্প মেয়াদে প্রশিক্ষণ দিতে রাজি হন তিনি।
শনিবার থেকে পেসারদের ক্যাম্প শুরু হচ্ছে। এদিন থেকেই তিনি কাজ শুরু করছেন। মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে। এ জন্য এইচপি ক্যাম্পের ১৭ জন পেসার ও জাতীয় দলের ৯ জন পেসারকে ক্যাম্পে উপস্থিত হতে বলা হয়েছে।
এইচ পি ক্যাম্পের উদীয়মান ১৭ পেসারের পাশাপাশি জাতীয় দলের ৯ পেসার মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসাইন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসাইন, মোহাম্মদ শহীদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও মুক্তার আলী থাকবেন আকিবের ক্লাসে।




