রাজনীতিশিরোনাম

আইইবি’র ভোট বর্জন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের

কারচুপির অভিযোগ এনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র নির্বাচনে ভোট বর্জন করেছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। ভোট বর্জন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেন তারা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা ২টার দিকে ভোট বর্জন করেন পরিষদের নেতারা।
সমাবেশে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্যানেলের প্রেসিডেন্ট প্রার্থী এসএম নজরুল ইসলামসহ দলের অন্য নেতারা বক্তব্য দেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন এসএম নজরুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি বলেন, ২৭শে ফেব্রুয়ারি নির্বাচনে জালিয়াতি ও উহা বর্জন প্রসঙ্গে। আশা করেছিলাম, একটা সুষ্ঠু ভোট হবে। কিন্তু ভোট প্রদান নিয়ে যা হচ্ছে তা অভাবনীয়।
দেখা যাচ্ছে, ভূয়া আইডি কার্ড দিয়ে ব্যালট পেপার নিয়ে ভোট দেওয়া হচ্ছে। গ্রুপে গ্রুপে ব্যালট পেপার সংগ্রহ করে এক সাথে বুথের বাইরে দাড়িয়ে ব্যালট পেপারে ভোট প্রদান করছে। একটি নির্বাচনের জন্য ইহা কলঙ্ক। এমতাবস্থায় আমরা এই নির্বাচনের নিন্দা জানাই ও উহা বর্জন করি। পুনরায় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন ও সুষ্ঠু নির্বাচন উপহার দিন এবং আইইবিকে রক্ষা করুন।
এদিকে, ভোট বর্জন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন, সাধারণ সম্পাদক প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলীম। তিনি বলেন, এটা কোনও নির্বাচন নয়। এখানে ব্যাপক জাল ভোট দেওয়া হচ্ছে। আগেই ভোট দিয়ে রেখেছে। কোনও ইঞ্জিনিয়ার ভোট দিতে পারেনি। প্রকৌশলী নুরুল হুদার প্যানেলের লোকেরা সব জাল ভোট দিয়েছে। আমরা পুনরায় সুষ্ঠু নির্বাচন চাই।
নজরুল ইসলাম প্যানেলের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল কাশেম বলেন, এখানে কোন নির্বাচন হয়নি। কোনো ইঞ্জিনিয়ার ভোট দিতে পারেননি। আবদুস সবুরের নেতৃত্বে আওয়ামী-লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এসে সারারাত অবস্থান করে কারচুপি করেছে। এই নির্বাচন আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি। আমরা পুনরায় তফসিল ঘোষণার আহবান জানাচ্ছি। তারা এই নির্বাচনকে কলঙ্কিত করতে গতকাল আমাদের নেতা ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রশীদ মাসুদের ওপর নির্মমভাবে হামলা করেছে। তার ওপর ২৬টি আঘাত করা হয়েছে। আজকের এই দিনটি দেশের সকল ইঞ্জিনিয়ারদের জন্য একটা কলঙ্কের দিন। তারা আইইবিকে একটা সন্ত্রাসীদের আড্ডাখানা বানিয়েছে। এখানে সাধারণ ইঞ্জিনিয়ারদের কোনো জায়গা নেই। বাংলাদেশের জনগণ এ ধরণের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button