খেলা

অস্ট্রেলিয়া ছেড়ে পালাচ্ছেন কিউইরা

করোনার প্রভাবে মাঝ পথেই বন্ধ করতে হলো সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার (১৩ মার্চ) তিন ম্যাচের ওয়ানডে ম্যাচের প্রথমটি খেলেছে নিউজিল্যান্ড। ভাইরাস সংক্রমণের ভয়ে শূন্য গ্যালারিতে আয়োজিত হয়েছে সেটি। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে পরের ম্যাচে নামা কঠিন। তাই বাকি ম্যাচগুলো না খেলেই অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফিরছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেছে করোনাভাইরাসে। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে এপ্রিল পর্যন্ত। বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচ স্থগিতের নির্দেশনা দিয়েছে ফিফা। আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা থেকে ফিরে গেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাও ভারত থেকে কোনো ম্যাচ খেলে ফিরেছে। শেষ পর্যন্ত সে পথেই হাঁটতে হলো নিউজিল্যান্ডকে।
আজ (১৪ মার্চ) স্থানীয় সময় সাড়ে ৪টায় নিউজিল্যান্ড সরকার তার প্রতিরক্ষা নীতি জোরদার করেছে। বেশ কয়েকটি দেশের তালিকা দিয়েছে যেখান থেকে কেউ এলে তাদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। অস্ট্রেলিয়া সে তালিকায় আছে। আগামীকাল মাঝরাত থেকে এই আইন চালু হবে। ফলে সিরিজ শেষ করে দেশে ফিরলে ১৪ দিন আলাদা করে রাখতে হবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের। ফলে দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের আজই ফিরিয়ে নিচ্ছে দেশে।
এর ফলে এ সিরিজের পর একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ছিল। সেটাও স্থগিত হয়ে যাচ্ছে। কারণ, নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ আয়োজিত হওয়ার কথা। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সে দেশে গেলে অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। ফলে সে সিরিজও আয়োজন করা যাবে না নিকট ভবিষ্যতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button