slider

অনুপ্রবেশ : ভারতে দেয় জেল আর বাংলাদেশ করে হস্তান্তর!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় তিন কিশোর। এ সময় বাংলাদেশের সোনাহাট স্থলবন্দর চেকপোস্টে কর্তব্যরত সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসফের কাছে হস্তান্তর করা হয়। অথচ বাংলাদেশের মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তিও যদি ভুলক্রমে এটি করে থাকে তাহলে তাদের থাকতে হয় সে দেশের জেলে। কয়েক মাস আগেও সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির পর ভেসে গিয়ে ভারতে অবস্থান করা জেলেদের ওই দেশের কারাগারে থাকতে হয়। এছাড়া সীমান্তে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে অনেক। এমনতাবস্থায় ভারতীয় তিন কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসফের কাছে হস্তান্তর করায় প্রশ্ন তুলেছেন অনেকেই।

অনুপ্রবেশকারী তিন কিশোর ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার ধুবরী সদর থানার তিস্তাপাড়া এলাকার শামসুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (১৬), শহর আলীর ছেলে নুর ইসলাম (১৬) ও আশকান আলীর ছেলে ইসমাইল সেখ (১৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সাড়ে ১১টার দিকে ভারতীয় তিন কিশোর পথ ভুল করে সোনাহাট স্থলন্দরের বাংলাদেশ-ভারত সংযোগ সড়ক দিয়ে একটি মোটরসাইকেল যোগে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় সোনাহাট স্থলবন্দরের চেকপোস্টে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসফের কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ানের সোনাহাট ক্যাম্পের নায়েক সুবদার গোলাম রাব্বানী এবং বিএসএফের পক্ষে আসামের গোলকগঞ্জ থানার সোনাহাট বিএসএফের সহকারী কমিশনার পুনেক কুমার কৌশিক নেতৃত্ব দেন।

নায়েক সুবেদার গোলাম রাব্বানী জানান, আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তিন কিশোরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের সোনাহাট বিএসএফ ক্যাম্পকে বন্দরের চেকপোস্টে আরো সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। যাতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button