শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:”আমার হাত, আমাদের ভবিষ্যত” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে হাত ধোয়া প্রদর্শনীতে মিলিত হয়। পরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও হিসাব রক্ষক ইশ্রাফিল হকসহ অন্যরা। সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।