sliderস্থানিয়

মানিকগঞ্জে গানে গানে বিশ্ব প্রবীণ দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতুরা গ্রামে গানে গানে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কৈতুরা মাঝিপাড়া রাজবংশী ভবনে কৈতুরা মাঝিপাড়া রাজবংশী উন্নয়ন সংঘের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবীণদের সম্মাননা এবং প্রবীণ বাবা-মায়ের যত্ন ও পরিচর্যায় দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচটি পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভানেত্রী আরতি রাণী রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল।

পরে জেলা গ্রামীণ শিল্পী সংস্থার পরিবেশনায় প্রবীণদের প্রতি সম্মান জানিয়ে ভক্তিমূলক গান পরিবেশন করেন সংগঠনের জেলা কমিটির সদস্য ও প্রবীণ শিল্পী মো. তসলিম মিয়া এবং মো. আবুল হোসেন।

গান শেষে শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বারসিকের কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, সুব্রত সরকার ও মো. নজরুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত পাঁচটি আদর্শ পরিবারের প্রবীণ বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির যত্ন ও পরিচর্যায় তাঁদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বারসিকের পক্ষ থেকে কলস দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে দেশে প্রবীণ মানুষের সংখ্যাও বাড়ছে। ফলে প্রবীণদের স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার ও সমাজের দায়িত্ব আরও বাড়ছে। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি তাঁদের প্রতি সম্মান ও পারিবারিক যত্ন নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য, প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। দীর্ঘায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো পুনর্মূল্যায়ন এবং প্রবীণদের সুস্বাস্থ্য, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর এবারের প্রতিপাদ্যে গুরুত্ব দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button