তাওহিদ আহমেদ, প্যারিস : পরিবেশ সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আজ প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১৩টা পর্যন্ত চলে এ কার্যক্রম।
Solidarités Asie France (SAF) এবং প্যারিস ১৮-এর মেরি-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৩৫০ জনেরও বেশি বাংলাদেশি ও আফ্রিকান স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। মেরির সম্মুখভাগ থেকে শুরু করে ১৮তম অ্যারোন্দিসমঁতের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন অংশগ্রহণকারীরা। রাস্তা, ফুটপাত ও আশপাশের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র Anzoumane Sissoko এবং Gilles Menede, পাশাপাশি মেরির কর্মকর্তা Bocar DIALLO। প্যারিস ১৮-এর নির্বাচিত কর্মকর্তা হিসেবে Anzoumane Sissoko-এর দায়িত্বের মধ্যে আন্তর্জাতিক সংহতি ও অভ্যর্থনা-সংক্রান্ত বিষয়ও রয়েছে।
বিভিন্ন বয়স ও পেশার বাংলাদেশি ও আফ্রিকান স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শুধু পরিবেশকে সুন্দর রাখার উদ্যোগই নয়, বরং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়িত্ববোধ ও একসঙ্গে কাজ করার সংস্কৃতিও আরও শক্তিশালী করার বার্তা উঠে আসে।
SAF-এর পক্ষ থেকে জানানো হয়, একটি পরিচ্ছন্ন, সুন্দর ও টেকসই নগর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মসূচি সেই সম্মিলিত দায়িত্ববোধেরই একটি দৃশ্যমান উদাহরণ।
আয়োজনে: Solidarités Asie France (SAF) ও Mairie du 18e
তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
সময়: সকাল ৮টা ৩০ মিনিট – দুপুর ১৩টা
স্থান: প্যারিস ১৮তম অ্যারোন্দিসমঁ, ফ্রান্স