Uncategorized

স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শিশু কন্যাকে হত্যা করে লাশ নদীতে নিক্ষেপ

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : ১ বছরের কন্যা সন্তানকে হত্যার পর লাশ নদীতে নিক্ষেপ করে আদিম বর্বরতাকে হার মানিয়েছে পাষন্ড পিতা। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে।
এ ঘটনায় নিহত শিশুর মা হোসনেয়ারা আক্তার বাদী হয়ে শুক্রবার (৬ নভেম্বর) রাতে স্বামীকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের আব্দুল হালিমের পুত্র মাদকাসক্ত আলামিন (৩০) স্ত্রীকে মারধর করতো। সর্বশেষ গত ৩ নভেম্বর সকালে আলামিন ও তার বাড়ির লোকজন মিলে একমাত্র কন্যা সন্তান মীম আক্তারকে রেখে স্ত্রী হোসনেয়ারাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর মধ্যে সন্তানের খোঁজ নিতে হোসনেয়ারা একাধিকবার স্বামীর বাড়িতে যান। সন্তানকে ওই বাড়িতে না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হন তিনি। এদিকে, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে পার্শ্ববর্তী বার্তা গ্রামের কালিগঙ্গা নদীতে জনৈক জেলে মাছ ধরতে গেলে পানিতে ভেসে ওঠা লাশ দেখতে পায়। খবর পেয়ে হোসনেয়ারা তার পরিবারের লোকজন নিয়ে গলায় তাবিজ দেখে সন্তানের লাশ শনাক্ত করেন।
লাশ উদ্ধারকালে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, নিহত শিশুটিকে হত্যার পর একাধিক টুকরো করা হয়েছে। হোসনেয়ারার দাবী আলামিন তাকে বাড়ি থেকে বের করে দেয়ার পর তার সন্তানকে নৃশংসভাবে হত্যা করে লাশ টুকরো করে নদীতে ফেলে দিয়েছে। এর সাথে তার পরিবারের লোকজনও জড়িত।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়ার পর আলামিন ও তার সন্তান মীমকে বাড়িতে দেখা যায়নি। তাদের ধারনা মাদকাসক্ত আলামিন শিশুটিকে খুন করে কালিগঙ্গা নদীতে ফেলে দিয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ফরহাদ হোসেন বলেন, শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button