ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সংবাদদাতা,ব্রাহ্মণবাড়িয়া : নারী নির্যাতনের অভিযোগে ভাবির দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট মাহবুবের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার তার স্বামী, দেবর ও শাশুড়িসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলার আসামিরা হলেন, মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।
রেহেনা আক্তার বলেন, আমার স্বামী জাকির হোসেন তার নিজের পছন্দে আমাকে বিয়ে করেন। কিন্তু তার পরিবারের লোকজন আমাকে মেনে নিতে পারেনি। আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের পর থেকে আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য আমার ওপর নির্যাতন করা হয়। সবকিছু জেনেও আমার স্বামী নির্যাতনের প্রতিবাদ করেননি।
তিনি আরো বলেন, সম্প্রতি আমাকে রাখার জন্য বাড়িতে আলাদা একটি ঘর করে দেন আমার স্বামী। এরপর থেকে আমার ওপর নির্যাতন আরো বাড়ে যায়। আমাকে সবাই মিলে ঘর থেকে বের করে দেয়। তাই আমি মামলা করেছি।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আদালত থেকে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।




