রংপুর সিটি কর্পোরেশনের চলতি অর্থ বছরের বাজেট জনবান্ধব হয়নি-তুষার কান্তি মণ্ডল
রংপুর প্রতিনিধি : রংপুর সিটি করপোরেশনের চলতি অর্থ বছরের বাজেট জনকল্যাণবান্ধব হয়নি বলে অভিযোগ করেছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। তিনি বলেন, সিটির ৩৩টি ওয়ার্ডের ছয়টি থানার প্রায় ১২ লাখ জনগণের জীবনমানের বাজেট এত ছোট হতে পারে না। মেয়র ঘোষিত ৮শ’৮৯ কোটি টাকার বাজেটের আয় ও ব্যয় খাত অসঙ্গতিপূর্ণ, এটা চরম ব্যর্থতা। এ ধরণের বাজেটে জনকল্যাণ আসবে না। বরং ভোগান্তি বাড়াবে।
মঙ্গলবার দুপুরে নগরীর এফপিএবি মিলনায়তনে রংপুর সিটি কর্পোরেশনের ঘোষিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে মহানগর উন্নয়ন ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের প্রধান উপদেষ্টার বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রথম বাজেট হয়েছিল ১ হাজার ৬০০ কোটি টাকার। স¤প্রতি ঘোষিত তৃতীয় বাজেট হয়েছে মাত্র ৮শ’ ৮৯কোটি টাকার । এই বাজেট মেয়রের দুর্বলতাকেই জানান দিয়েছে। তিনি বলেন, দুর্নীতিতে নিমজ্জিত রংপুর সিটি কর্পোরেশন কখনোই জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। গাজীপুর সিটি কর্পোরেশন ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে। সেখানে রংপুর সিটি মেয়র ১০০০ কোটি টাকারও বাজেট দিতে পারেন না- এটা চরম ব্যর্থতা। বর্তমান মেয়রের আমলের বাজেট জনকল্যাণে আসবে না বরং এতে জনভোগান্তি বাড়বে। ভোগান্তির বাজেট থেকে মুক্তি ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তুষার কান্তি মন্ডল।
উল্লেখ্য ১৩ সেপ্টেম্বর রংপুর সিটি কর্পোরেশন চলতি অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করে। প্রস্তাবিত বাজেটে সড়ক উন্নয়ন, বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষার মান উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, নাগরিক সুবিধা বৃদ্ধি, যানজট নিরসনকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
ঘোষিত ৮শ ৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার বাজেটে রাজ¯^ আয় ও ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি ৫১ লাখ ৪ হাজার ৫৪০ টাকা। উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৮০১ কোটি ৩ লাখ ৯৯ হাজার ১৮ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫১৪ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রংপুর মহানগর উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল আলম, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, সহসভাপতি তৌহিদুল ইসলাম, নাজনীন রহমান, সাংগঠনিক সম্পাদক এম.কে হাসান লাট্টু, প্রচার সম্পাদক সজিত কুমার সরকার, দপ্তর সম্পাদক মিয়া মোহাম্মদ সুজন প্রমুখ।




