মহাদেবপুরে নওহাটা পুলিশ ফাঁড়ির অদূরে অজ্ঞাত নারীকে ধর্ষণের পর হত্যা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির অদূরে অজ্ঞাত এক নারীকে (৩২) ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। থানা পুলিশ রোববার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়।
স্থানীয়রা সকাল সাড়ে ১০ টায় নওহাটামোড় পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ৬শ’ মিটার দূরে নওগাঁ-মহাদেবপুর সড়কের চৌমাশিয়া ধনজইলমোড় নামক স্থানে একটি নির্মাণাধীন ভবনের নিচে ওই নারীর লাশ ভাঁসতে দেখে পুলিশে খবর দেয়।
দুপুর ২ টায় মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিকুর রহমান ও এসআই এরশাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান জিয়া জানান, তিনি লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন। ওই নারীকে নির্মাণাধীন ভবনের দোতালায় ধর্ষণ করে হত্যা করে লাশ নিচে ফেলে দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। দোতালার ছাদ থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।
পুলিশ ফাঁড়ির কাছে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফাঁড়ি পুলিশের তৎপরতা নিয়েও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।




