অক্টোবরে টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

আগস্টের ভেতর করোনা ‘প্রতিরোধী’ টিকার অনুমোদন পেয়ে গেলে অক্টোবর থেকে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করতে চায় রাশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকোকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ।
মন্ত্রী জানিয়েছেন, প্রথমে শিক্ষক এবং ডাক্তারদের টিকা দেয়া হবে।
কয়েক দিন আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগস্টে স্থানীয় নিয়ন্ত্রক সংস্থার থেকে করোনা প্রতিরোধী টিকার অনুমোদন নেবে গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট। অ্যাডিনোভাইরাস-ভিত্তিক এই টিকা রাশিয়ার রাজধানীতে সরকারি অর্থায়নে তৈরির চেষ্টায় আছে প্রতিষ্ঠানটি।
আগস্টের ভেতর অনুমোদন নেয়ার এই ঘোষণার কথা শুনে গবেষকেরা বলছেন এটি ‘সম্ভব’।
ব্রিটেনের হিউম্যান ভাইরোলজি পাঠ্যপুস্তকের সহলেখক প্রফেসর জন মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ন্যাশনালকে বলেছেন, ‘রাশিয়ার ভ্যাকসিনের খবরে আমি মুগ্ধ কিন্তু অবাক নই।’
এই বিশেষজ্ঞ বলছেন, ‘এ কথা বলছে গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট। এটি বেশ বড় গবেষণা প্রতিষ্ঠান। তারা নিশ্চয়ই আন্তর্জাতিক মান অনুসরণ করবে, যাতে রাশিয়াসহ অন্য দেশে ক্রস-লাইসেন্সড পায়।’
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের ভাইরোলজি বিভাগের আরেক প্রফেসর ইয়ান জোন্সও একই কথা বলছেন, ‘রাশিয়ার ভ্যাকসিন সুপরিচিত প্রযুক্তিতে তৈরি হচ্ছে। তার মানে এতে ঝুঁকি কম থাকবে। আমি মনে করি এটা নিরাপদ হবে। ব্যর্থ হওয়ার কারণ দেখি না।’




