
নিজে আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। এরপর সৃষ্টিকর্তার রহমতে আবার সুস্থ্যও হয়েছেন। তবে করোনা থেকে সুস্থ্য হয়ে ভারতীয় এই ব্যবসায়ী মানবতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তিনি সম্প্রতি করোনভাইরাস থেকে সুস্থ হয়ে দরিদ্রদের বিনা খরচে চিকিৎসা দেয়ার জন্য তার অফিস ভবনকে রূপান্তরিত করেছেন কোভিড-১৯ চিকিৎসার হাসপাতালে। যেখানে ৮৫ জন করোনা রোগী চিকিৎসা সুবিধা পাবে। ভারতীয় ওই মুসলিম ব্যবসায়ীর নাম কাদের শেখ।
করোনা আক্রান্ত হওয়ার পর তিনি নিজের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে চাচ্ছিলেন। কিন্তু ভারতের সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের উপচে পড়া ভিড় দেখে কাদের শেখ হতাশ হন। গত মাসে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর সুরাটের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ২০ দিন করোনা চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু হাসপাতাল ছাড়ার সময় বিল দেখে তিনি শঙ্কিত হয়ে পড়েন তিনি।
বার্তা সংস্থা এএফপি’কে কাদের শেখ বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয়ভার অনেক বেশি। দরিদ্র লোকেরা কীভাবে এ জাতীয় চিকিৎসা ব্যয় বহন করবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য কিছু করার। এই মারাত্মক করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখার। আর তাই সুস্থতার পর কাদের শেখ তার ৩০ হাজার স্কয়ার বর্গফুটের অফিস প্রাঙ্গনকে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনে হাসপাতালে রূপান্তরিত করেন।
সরকার সেখানে কর্মী, চিকিৎসা সরঞ্জাম ও ঔষুধ সরবরাহ করছে। আর হাসপাতালের শয্যা, আনুষাঙ্গিক খরচসহ বিদ্যুৎ বিল বহন করছেন কাদের শেখ নিজেই।
কাদের জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ ওই হাসপাতালে ভর্তি হতে পারবেন।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছানোর মাত্র ১২ দিন পরে বুধবার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মাথাপিছু স্বাস্থ্যসেবা ব্যয় খুবই সামান্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
এদিকে অনেক বিশেষজ্ঞ বলছেন, ভারতে পর্যাপ্ত মানুষের করোনা পরীক্ষা হচ্ছে না। এমনকি করোনভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু রেকর্ডভুক্ত করা হচ্ছে না।
মঙ্গলবার প্রকাশিত এক সমীক্ষায় জানা গেছে, করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষায় দেখা যায়, মুম্বাইয়ের ঘনবসতিপূর্ণ জনবসতিতে প্রায় ৫৭ শতাংশ মানুষ এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে সরকারি তথ্য অনুসারে, সংখ্যাটি তার চেয়েও অনেক বেশি। সূত্র : আল জাজিরা




