অপরাধশিরোনাম

চীনা দূতাবাসের মাস্ক চুরি, বিমানের ২ কর্মচারী চাকরিচ্যুত

চীনা দূতাবাসের ১৩০ কার্টন এন-৯৫ মাস্ক চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের চাকরিচ্যুতও করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, ঘটনাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত করেছে। তমা কনস্ট্রাকশনের আমদানি করা মাস্ক চুরির ঘটনায় বেবিচকের তদন্ত কমিটি অনেকের সংশ্লিষ্টতা পেয়েছে। বিমানের দুই কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়ায় তখনই আমরা তাদের শাস্তি দিয়েছি। তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা কোনো চোরকে রাখতে চাই না। বিমানে কোনো চোরের জায়গা নেই। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে।
সূত্র বলছে, গত ১৬ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের গুদাম থেকে ঢাকার চীনা দূতাবাসের আনা এন৯৫ মাস্ক চুরি হয়েছে। বাংলাদেশের কভিড-১৯ যোদ্ধাদের জন্য এসব মাস্ক এনেছিল ঢাকার চীনা দূতাবাস। এতদিন ধামাচাপা দিয়ে রাখে বিমান। শনিবার (২৫ জুলাই) ঘটনাটি ফাঁস হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশকে উপহার দিতে চীনা দূতাবাসের ১৩০ কার্টন এন-৯৫ মাস্ক আমদানি করে তমা কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি। গত ৬ জুন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে এসব মাস্ক। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে আনা এসব মাস্কের ওজন ছিল এক হাজার ৬০৫ কেজি। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসব মাস্ক গ্রহণ করে।
পরে দূতাবাসের পণ্য হিসেবে আসা এসব মাস্ক বিমানের গুদামে রাখা হয়। কাস্টমসসহ অন্য সব প্রক্রিয়া শেষে এসব পণ্য গ্রহণ করতে যায় চীনা দূতাবাসের ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট মেসার্স বারল প্যাকার্স অ্যান্ড শিপার্স। ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট কর্মীরা সেখানে দেখতে পান ১৩০ কার্টনের মধ্যে ২০ কার্টন ছেঁড়া ও ফাটা। তারা পণ্য গ্রহণ না করে বিষয়টি দূতাবাসকে জানায়।
বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অবহিত করা হলে গত ২২ জুন তদন্ত কমিটি গঠন করা হয়। বেবিচকের তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী, ফরওয়ার্ডিং এজেন্টসহ বিভিন্ন জনের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের শাস্তির সুপারিশ করা হয়।
জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই ওই দুই কর্মচারীকে চাকরিচ্যুত করে বিমান।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button