যমুনার পানির স্রোতে সিরাজগঞ্জের বেতিল স্পার-১ এ ধস

সংবাদদাতা, সিরাজগঞ্জ : যমুনার তীব্র স্রোতে স্কাউয়রিংয়ের ফলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল স্পার-১ এর প্রায় ৭০ মিটার এলাকা ধসে গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্পারের মাটির অংশে আকস্মিক ধস নামায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ধসের বিস্তৃতি ঠেকাতে পাউবো জরুরিভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে মেরামত কাজ শুরু করেছে।
সরেজমিন জানা যায়, এনায়েতপুর থানার তাঁতশিল্প কারখানাসহ বহু ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০ বছর আগে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বেতিল স্পার-১ নির্মাণ করা হয়। এ বছর বন্যার শুরুতে যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে স্পারটি ঝুঁকিপূর্ণ হয়। তবে কয়েকদিন ধরে যমুনা পানি কমতে থাকায় নদীতে প্রচণ্ড স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তীব্র স্রোতে আকস্মিকভাবে স্পারের ডান পাশের মাটির স্যাংঙ্কে প্রায় ৭০ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ধস নামে। এ কারণে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের আজুগড়া-বেতিল এলাকা, স্পার সংলগ্ন সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউডসহ বহু তাঁত কারখানা ও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে পড়ে আতঙ্কে রয়েছে।
এ দিকে ধসের খবর পেয়ে সিরজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে স্পারের ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করেছেন।
এছাড়া ধসে যাওয়া স্থান দ্রুত মেরামতে কার্যকর ব্যবস্থা নিতে স্পার পরিদর্শন করেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ও ইউএনও আনিছুর রহমান। এসময় পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন ও এনায়েতপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিককুল ইসলাম জানান, যমুনা নদীতে প্রবল স্রোতের কারণে স্কাউয়ারিংয়ের ফলে বেতিল স্পারের প্রায় ৭০ মিটার এলাকা ধসে গেছে। খবর পেয়ে সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে জিও ব্যাগ ফেলে বাঁধ মেরামতের কাজ পরিচালনা করছি, আতঙ্কিত হবার কিছু নেই, মেরামত কাজ শেষ হলে আশা করছি ঝুঁকি কমে যাবে।




