আরিচা পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপরে

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা থেকে যমুনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটিার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার ৭টি উপজেলার মধ্যে হরিরামপুর, দৌলতপুর, শিবালয় ও সাটুরিয়া উপজেলায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এর মধ্যে হরিরামপুর ও দৌলতপুর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
এসব এলাকার কয়েকটি ইউনিয়নে বাড়ি ঘরে পানি আসাতে গবাদি পশু নিয়ে হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে।
অপরদিকে হরিরামপুর ও দৌলতপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
অপরদিকে, শিবালয়, গিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার পানি বৃদ্ধিতে নদী ভাঙন দেখা দিয়েছে। পানিবন্দি ও নদী ভাঙন কবলিত মানুষেরা অভিযোগ করেছেন এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোনো সহযোগিতা পাননি।




