২৭ ঘন্টা পর ভেসে উঠল যমুনেশ্বরী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে বন্ধুদের সঙ্গে সেতু থেকে যমুনেশ্বরী নদীর পানিতে লাফ দিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী সনেট সরকারের মরদেহ ২৭ ঘন্টা পর পানিতে ভেসে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- বুধবার সন্ধ্যা ৬টার দিকে নাগেরহাট সেতু থেকে মাত্র ১শ’ ভাটিতে একটি বালুর পয়েন্টে সনেটের মরদেহ ভেসে উঠে। পরে এলাকার লোকজন তা’ উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে লাশ দাফনের অনুমতি দেয়। সে অনুযায়ী রাত ১০টায় পারিবারিক কবরস্থানে সনেটের দাফন সম্পন্ন হয়। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
উল্লেখ্য- সনেট সরকার উপজেলার কুতুবপুর ইউনিয়নের ডাঙ্গলপাড়ার রঞ্জু সরকারের ছেলে কুতুবপুর স্কুল অ্যাণ্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই শিক্ষার্থী বন্ধুদের সাথে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। দমকল নীর ডুবুরিরা পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে সনেটের মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। বুধবার সকাল থেকে স্থানীয় লোকজন সনেটের সন্ধানে নানা জায়গায় খোঁজ করেন। সন্ধ্যায় তারা নাগেরহাট সেতু থেকে মাত্র ১শ’ গজ দূরে একটি বালু উত্তোলনের পয়েন্টে সনেটের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার।




