ফেনীতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত

ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯– এ আক্রান্তের সংখ্যা ৮শ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত জেলায় ৪ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে ৮শ ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, দাগনভূঞায় ৬, সোনাগাজীতে ৬ জন, ছাগলনাইয়ায় ৩ ও ফুলগাজীতে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দাগনভূঞায় ৬ জনের ২ জন পৌরসভা, ২ জন রামনগর, ১ জন ইয়াকুবপুর ও ১ জন সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা।
সোনাগাজী উপজেলায় একজন উপ-সহকারী মেডিকেল অফিসার আক্রান্ত হয়েছেন। ছাগলনাইয়ায় একজন স্বাস্থ্যকর্মী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত। অপর দুইজন মটুয়া এলাকার বাসিন্দা।
ফুলগাজী উপজেলার ২ জন আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শনিবার (২৭ জুন) পর্যন্ত ৪ হাজার ৭১৮ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ২শ ৪৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৩১ জন সুস্থ হয়েছেন। ১৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
সূত্র জানায়, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে চলছে।




