রাশিয়ায় করোনায় আক্রান্ত ৬ লাখ ছাড়ালো

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে আরও একটি লাখের কোটা পূর্ণ হলো রাশিয়ায়। বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে থাকা দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৬ লাখ।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সবশেষ চব্বিশ ঘণ্টায় ৭ হাজার ১৭৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৮৮১ জন।
আক্রান্তের তালিকা রাশিয়ার ওপরে দুই দেশ হলো যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। আর করোনাভাইরাসের বর্তমান হটস্পট ব্রাজিলে আক্রান্ত সাড়ে ১১ লাখ ছুঁই ছুঁই করছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণায়ের তথ্যে বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৯৩ জন। তাতে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮২২ জন।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৪ জনের, মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮ হাজার ৫১৩ জন।
তবে এক সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার বেশ কয়েকটি অঙ্গরাজ্য থেকে কভিড-১৯ এ আক্রান্তে নতুন খবর আসছে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে ভাষণে দাবি করেন, তার দেশ করোনাভাইরাস পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করতে পেরেছে। পরিস্থিতি এখন ভালোর দিকে ঘুরে দাঁড়িয়েছে। তবে কার্যকরী কোনো প্রতিষেধক আসার আগ পর্যন্ত নাগরিকদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি।




