অর্থনৈতিক সংবাদশিরোনাম

চট্টগ্রামের অধিকাংশ শপিং মল খুলছে না ঈদের আগে

রাজধানীর অভিজাত শপিং মলের পর এবার বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ শপিং মল না খোলার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার নগরীর ১১টি শপিং মলের সমিতিগুলো সর্বসম্মত এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরো কয়েকটি শপিং মলের দোকান মালিক সমিতি তাদের সিদ্ধান্তের কথা জানাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চট্টগ্রামের মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে মিমি সুপার মার্কেট পার্কিং প্রাঙ্গনে ১১টি শপিং সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে করোনাভাইরাস পরিস্থিতিতে শপিং সেন্টার খোলার সরকারি সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩১ মে পর্যন্ত ১১টি মার্কেট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্যবসায়ী সমিতিগুলোর সম্মিলিত সিদ্ধান্তে বলা হয়েছে, জীবন বাঁচলে জীবিকা। তাই ঈদ উপলক্ষে রোববার থেকে দোকান বা মার্কেট খোলার অনুমতি থাকলেও জনস্বার্থে ব্যবসায়ীরা এসব মার্কেট বা শপিং মল খুলবেন না।
শপিংমলগুলো হচ্ছে, সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার।
মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্যানমার ওশান সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার, সাধারণ সম্পাদক মো: হাসান, চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফিনলে স্কয়ারের শপ ওনার্ন এসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার, সাধারণ সম্পাদক মো: জুয়েল, সেন্ট্রাল প্লাজার সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো: আকতার খান, আমিন সেন্টারের সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক সাহেদুল আলম, আফমী প্লাজার পরিচালক স্বপন মুহুরী, কায়সার মো: ইব্রাহিম, আখতারুজ্জামান সেন্টারের সভাপতি আজিজুল হক নসু, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের নুরুল আলম, নাজিম উদ্দিন, কল্লোল সুপার মার্কেটের সহ-সভাপতি হুমায়ুন কবির, মিমি সুপারের সাধারণ সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, সহ-সভাপতি দিলীপ কুমার ধর প্রমূখ।
শনিবার নগরীর বিপণি বিতান বা নিউ মার্কেটসহ আরো কয়েকটি শপিং মলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়। নয়া দিগন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button