ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে গ্রেপ্তারতদের মুক্তি ও মাহিরের মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও পরবর্তীতে রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ জানান তারা। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বর্তমানে শাবিপ্রবি বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে দেশব্যাপী কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
ঘন্টাব্যাপী এ নীরব কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে তাদের দাবি তুলে ধরেন।
এতে লেখা ছিল, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সব গ্রেপ্তারদের মুক্তি দাও, বাকস্বাধীনতা ফিরিয়ে দাও।’
এদিকে দুপুর সাড়ে ১২ টায় শাবিপ্রবির রেজিস্ট্রার ভবনের সামনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে প্রশাসনের করা ‘ভিত্তিহীন’, ও ‘প্রহসন’র মামলা প্রত্যাহারের দাবিতে আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী ফারহাদুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘দেশব্যাপী এই আয়োজনে সংহতি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবির পাশাপাশি এই আইনে আটক সবার মুক্তি এবং শাবিপ্রবি শিক্ষার্থী মাহিরের বিরুদ্ধে প্রশাসনকর্তৃক দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করেছি আমরা।’
১৫ জুন প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নাসিমের মৃত্যুর পর ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শাবিপ্রবি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।




