খেলা

গ্রুপে অনুশীলনের অনুমতি পেল মেসিরা

থেমে থাকা লা লিগার চলতি মৌসুমের বাকি খেলা মাঠে গড়ানোর পথ আরও একটু প্রশস্ত হলো। ক্লাবগুলোর খেলোয়াড়দের গ্রুপে অনুশীলনের অনুমতি দিয়েছে স্পেন সরকার।
গত কিছুদিন ধরে লকডাউন শিথিল হওয়ার পর খেলা ফেরানোর প্রটোকলের প্রথম ধাপ অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে নিজেদের মতো করে আলাদাভাবে অনুশীলন করছিলেন লিওলেন মেসি, লুইস সুয়ারেস, সের্গিও রামোস ও গ্যারেথ বেলরা।
পরিস্থিতি স্বাভাবিক থাকায় দ্বিতীয়ধাপে সোমবার থেকে ছোট ছোট গ্রুপে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনো গ্রুপেই খেলোয়াড়ের সংখ্যা দশের বেশি হবে না। এর মধ্য দিয়ে আগামী মাসে খেলা শুরুর পথে আরও এক ধাপ এগিয়ে গেল লা লিগা।
এই নিয়ম লিগের সকল ক্লাবের ক্ষেত্রেই প্রযোজ্য বলে স্পেন সরকারের নির্দেশনায় বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দশজনের গ্রুপে হয়ে অনুশীলন করতে পারবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদসহ ক্লাব। যদিও করোনাভাইরাসে জর্জড়িত মাদ্রিদ ও কাতালুনিয়া উভয় অঞ্চলই এখনও লকডাউন শিথিল প্রক্রিয়ার শূন্য ধাপে রয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতি আরও ভালোর দিকে যাওয়ায় এস্পানিওল, লেগানেস, গেতাফে ও রিয়াল ভায়োদলিদকে আরও বড় গ্রুপে অনুশীলনের জন্য ‘বিশেষ অনুমতি’ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
জুনের মাঝামাঝিতে লা লিগা শুরুর কথা ভাবছে লিগ কর্তৃপক্ষ। ক্লাবগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচাতে যেভাবেই হোক লিগ করতে চায় তারা।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রটোকলের তৃতীয় ধাপে থাকবে পুরো দলবদ্ধ অনুশীলন; চতুর্থ ও শেষ ধাপে মাঠে গড়াবে ম্যাচ।
লা লিগা শেষ হতে এখনও ১১ রাউন্ড বাকি। এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button