উহানের হাসপাতালে আবার ভিড়

করোনা আক্রান্ত রোগীরা হাসপাতাল ছাড়ার পর উহানের চিকিৎসাকেন্দ্রগুলোতে আবার ভিড় বাড়ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, হুবেই প্রদেশের এই শহরটিতে ‘গণহারে’ টেস্টের ক্যাম্পেইন শুরু করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
১১ মিলিয়ন মানুষ বসবাস করা উহানে এখন শারীরিক সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাওয়ার কথা। কিন্তু স্থানীয়রা বলছেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান টেস্ট করানোর জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন খোলা জায়গায় যেমন এটি করা হচ্ছে তেমনি হাসপাতালেও হচ্ছে। এতে আবার সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
গত ডিসেম্বরে এই উহান শহরের একটি মাংসের বাজার থেকে নভেল করোনাভাইরাস প্রথম মানুষের দেহে সংক্রমিত হয়। তারপর বৈশ্বিক মহামারী। হাজার-হাজার মানুষের প্রাণহানি।
কিন্তু অবাক করার বিষয় হল আমেরিকা-ইতালিতে রীতিমতো হাহাকার পড়ে গেলেও হুবেই প্রদেশের রাজধানী উহানে ‘অতটা’ হয়নি। যদিও চীন সরকার মৃতের যে সংখ্যা দিয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। তবু অনেকের ধারণা, আমেরিকার মতো পরিস্থিতি হয়তো উহানে হয়নি।
চীন সরকারের দাবি অনুযায়ী, হুবেইতে ৬৭ হাজার ৮০৩ জন নতুন এই ভাইরাসে আক্রান্ত হন। মারা গেছেন ৩ হাজার ২১২ জন। বাকিরা সুস্থ।
স্থানীয়রা জানিয়েছেন, করোনা পরীক্ষার ক্যাম্পেইন শুরু হওয়ার পর আগে যারা সুস্থ ছিলেন তারাও বিভিন্ন ক্লিনিকে ভিড় করছেন।
উহানের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই শঙ্কার কথা জানাচ্ছেন। এভাবে টেস্ট করা হলে আবার সংক্রমণ শুরু হতে পারে।’




