আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জেনিভায় বিনামূল্যের খাবার নিতে এক কি.মি লম্বা লাইন

করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের মধ্যে ধনী দেশ সুইজারল্যান্ডের জেনিভায় বিনামূল্যে বিতরণ করা খাবারের পার্সেল নেওয়ার জন্য হাজারেরও বেশি লোক জড়ো হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার জেনিভার একটি আইস স্কেটিং গ্রাউন্ডের সামনে স্বেচ্ছাসেবীরা প্রায় ১৫০০ পার্সেল বিতরণ করে।
স্থানীয় সময় ভোর ৫টা থেকে এখানে লোকজন জড়ো হওয়া শুরু করে। এক পর্যায়ে মানুষের লাইন এক কিলোমিটারেরও বেশি লম্বা হয়ে দাঁড়ায়।
নিকারাগুয়া থেকে আসা জেনিভার বাসিন্দা ইনগ্রিড বেরালা বলেন, মাসের শেষে আমার পকেট শূন্য হয়ে যায়। আমাদের ইন্স্যুরেন্সসহ বিভিন্ন ধরনের বিল দিতে হয়। এখানে এক সপ্তাহের জন্য খাবার দেওয়া হচ্ছে, এটা দারুণ। এক সপ্তাহের জন্য স্বস্থি। পরের সপ্তাহে কী হবে জানিনা।
প্রায় ৮৬ লাখ জনসংখ্যার দেশ সুইজারল্যান্ডে ২০১৮ সালে ৬ লাখ ৬০ হাজার দরিদ্র লোক ছিল বলে জানিয়েছে দাতব্য সংস্থা কারিতাস। ওই বছর দেশটিতে ১১ লাখেরও বেশি লোক দারিদ্রের ঝুঁকিতে ছিল।
সুইস ব্যাংক ইউবিএসের হিসাব অনুযায়ী, তিন জনের একটি পরিবারের জন্য জুরিখের পর জেনিভা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর।
হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডে শনাক্ত হওয়া কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২৫১ জন এবং মৃতের সংখ্যা ১৮৩০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button