অর্থনৈতিক সংবাদশিরোনাম

ছাঁটাইয়ের প্রতিবাদে ডেমরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

সংবাদদাতা ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরার পাইটিতে একটি গার্মেন্টসে জোরপূর্বক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও চাকরিতে পুনর্বহালের দাবিতে পোশাক শ্রমিকরা শনিবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এদিন এই কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।
আইরিন নামক ওই গার্মেন্টসের শ্রমিকরা জানান, মালিকপক্ষের লোকজন শ্রমিকদের গার্মেন্টসের গেটে ঢোকার পর তাদের মারধর করে। তাদের বলে, তোদের চাকরি নাই, তোরা চলে যা। এসময় শ্রমিকরা কেন তাদের ছাঁটাই করা হয়েছে জানতে চাইলে গার্মেন্টসটির জিএম ওলি উল্লাহ জসিমের নির্দেশে শ্রমিকদের উপর হামলা করা হয়। এসময় নারী শ্রমিকদের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়ে পড়েন।
কয়েকজন নারী শ্রমিক বলেন, আমাদের করোনার ভিতর কাজ করার কথা বলে ডেকে আনে। কিন্তু শ্রমিকরা পূর্বের তিন মাসের বেতন চাইলে হঠাৎ করে প্রায় শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়। এ হামলার ঘটনায় ডেমরা থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে।
গত দুই দিনে ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় একপর্যায়ে শনিবার সকালে শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে এবং ছাঁটাইকৃতদের কাজে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারখানার গেইটে অবস্থান নেয়। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। তারা মহাসড়কের উপর টায়ার ও কাঠে অগ্নিসংযোগ করেন।
জিএম ওলি উল্লাহ জসিমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button