সৌদির কাছে ইংলিশ ক্লাব নিউক্যাসল বিক্রিতে খাসোগজির প্রেমিকার বাধা

প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড সৌদি আরবের কাছে বিক্রি না করতে আহ্বান জানিয়েছেন দেশটির তুরস্কের দূতাবাসে খুন হওয়া সাংবাদিক জামাল খাসোগজির বাগ্দত্তা হাতিস চেঙ্গিস। ক্লাবটি সৌদি মালিকানাধীন হলে ইংল্যান্ড ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে মনে করেন তিনি।
তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতর ২০১৮ সালের ২রা অক্টোবর খুন হন ভিন্নমতাবলম্বী ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগজি। জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এক প্রতিবেদনে, খাসোগজির এই হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবকে দায়ী করা হয়।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোরও বিশ্বাস। যদিও এমন অভিযোগ বারবারই প্রত্যাখ্যান করেছেন যুবরাজ।
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব নিউক্যাসলের ৮০ শতাংশ মালিকানা কিনে নেবার প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, যার প্রধান হচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
খাসোগজির বাগ্দত্তা হাতিস চেঙ্গিসের পক্ষ থেকে তার আইনজীবীরা বলেছেন, সেই হত্যাকাণ্ডের ঘটনার জন্যই নিউক্যাসল ক্লাব কিনে নেওয়া প্রতিহত করা উচিত।
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্সকে দেওয়া তাদের এক চিঠিতে বলা হয়েছে নিউক্যাসল ক্লাবের সৌদি অধিগ্রহণ রোধ করাটাই হবে সঠিক, যথাযথ এবং আইনসংগত পদক্ষেপ। বিশেষ করে মিস চেঙ্গিসের প্রেমিকের নির্মম হত্যাকাণ্ডের কথা বিবেচনা করে।
এতে বলা হয়, ইংলিশ ফুটবলে ‘এ রকম জঘন্য কর্মকাণ্ডে জড়িত কোন ব্যক্তির’ স্থান হওয়া উচিত নয়।
“যারা এমন মারাত্মক অপরাধ করে, তা আড়ালের করার চেষ্টা করে এবং যারা তাদের অপকর্ম গোপন করতে বা ইমেজ বাড়াতে ইংলিশ ফুটবলকে ব্যবহার করতে চায় – তাদের সঙ্গে কোন যোগাযোগ থাকলে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।”
২০০৭ থেকে নিউক্যাসল ক্লাবের মালিক হচ্ছে মাইক অ্যাশলি, তবে ২০১৭ সালে তিনি ক্লাবটি বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেন। ধারণা করা হচ্ছে, সৌদি আরব প্রায় ৩০ কোটি পাউন্ড মূল্যে ক্লাবটি কিনে নেবে। যদিও এই মালিকানা বদল নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।



