করোনায় মৃতের দুই লাখের ১ লাখ ৭৫ হাজারই যুক্তরাষ্ট্র-ইউরোপের
করোনাভাইরাসে অচল গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপটা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে। বিশ্বজুড়ে কভিড-১৯ এ মোট মৃতের অধিকাংশই ক্ষমতাধর এই দেশগুলোর মানুষ!
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শনিবার রাতে ২ লাখ ছাড়ায়। এর মধ্যে ইউরোপের দেশগুলোর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২২ হাজার। আর একক দেশ হিসেবে মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংখ্যাটা ৫৪ হাজার ছুঁই ছুঁই।
ইউরোপের দেশগুলো আর যুক্তরাষ্ট্র মিলে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে! অর্থাৎ এখন পর্যন্ত মোট মৃত্যুর পাঁচ-চতুর্থাংশের বেশি ঘটনাই প্রভাবশালী এই দেশগুলোতে ঘটেছে।
আক্রান্তের তালিকায়ও শীর্ষে তারা। ৯ লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে স্পেন ২ লাখ ২৩ হাজার; তৃতীয়স্থানে ইতালি ১ লাখ ৯৫ হাজার।
মৃত্যুতে একক দেশ হিসেবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে স্পেন, ২৩ হাজার ছুঁই ছুঁই।
মৃতের তালিকায় চতুর্থস্থানে আছে ফ্রান্স, ২২ হাজার ৬০০ ছাড়িয়েছে। পঞ্চমস্থানে যুক্তরাজ্য, ২০ হাজার ৩০০ ছাড়িয়েছে।
বেলজিয়াম আছে ষষ্ঠস্থানে, প্রায় ৭ হাজার। সপ্তমস্থানে জার্মানি, ৫ হাজার ৬০০ ছাড়িয়েছে।




