সূর্যালোকে করোনা মরে, দাবি মার্কিন গবেষকদের

করোনাভাইরাস সরাসরি সূর্যালোকের নিচে পড়লে ‘দ্রুততম সময়ে’ মরে বলে দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। নতুন এই গবেষণাটি এখনো প্রকাশ করেনি হোয়াইট হাউস।
হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উইলিয়াম ব্রিয়ান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘সরকারি বিজ্ঞানীরা দেখেছেন অতিবেগুনি রশ্মি রোগ বিস্তারকারী জীবাণুটির ওপর প্রভাব ফেলে। গ্রীষ্মে এর বিস্তার কমতে পারে। কারণ সূর্যালোকের সরাসরি উপস্থিতিতে ভাইরাসটি দ্রুততম সময়ে মরে।’
তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি সূর্যের আলো ভূ-পৃষ্ঠ এবং বাতাস উভয় জায়গাতে থাকা ভাইরাসকেই মারতে সক্ষম।’
‘তাপমাত্রা এবং জলীয় বাষ্পের তারতম্যও ভাইরাসটির ওপর প্রভাব ফেলে বলে আমরা দেখেছি। এই দুটি জিনিসের মাত্রা বেড়ে গেলে তা ভাইরাসটির জন্য সহনীয় নয়।’
এই গবেষণাপত্রটি এখনও প্রকাশিত না হওয়ায় এর পূণর্মূল্যায়ন করা সম্ভব হয়নি। তাই বিশ্বের অন্যান্য জায়গার বিশেষজ্ঞরাও এ বিষয়ে মন্তব্য করেননি।
এর আগে আরও কিছু গবেষণায় এমন দাবি করা হয়। তবে সেসব নিয়ে বিতর্কও হয়েছে।
উত্তর ক্যারোলিনার রিপাবলিকান দলীয় নেতা ও চিকিৎসক গ্রেগ মারফি মার্চে টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, রোদে করোনাভাইরাস মরে।
তবে ফ্রান্সের বিশেষজ্ঞরা বলছেন, ‘সূর্যের ইউভি আলো করোনাভাইরাসকে মেরে ফেলতে পারে না এবং কনসেন্ট্রেটেড ইউভি আলো ভাইরাসটিকে মারার জন্য ব্যবহার করা উচিত নয়। সূর্যের আলো করোনাভাইরাস মারতে পারে, দাবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে, তবে এটির কোন সত্যতা নেই। ’



