করোনায় চাঁদপুরে প্রথম মৃত্যু
সংবাদদাতা, চাঁদপুর : চাঁদপুরের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাংগা গ্রামে করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যান। ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অর্থাৎ মৃত ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন।
বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে আইইডিসিআর থেকে করোনা পজেটিভ রিপোর্র্ট এসেছে বলে জানান চাঁদপুর সিভিল সার্জন।
মৃত ওই ব্যক্তি নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন। তার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কাসিমপুর পাদুয়া মুন্সী বাড়িতে। নারায়ণগঞ্জের এসিআই ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন তিনি।
গত ১ এপ্রিল স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাংগা গ্রামে আসেন। গত শনিবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়, বিকেলে তিনি মারা যান। ওই দিনই করোনা আক্রান্ত সন্দেহে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
চাঁদপুর জেলায় একজন চিকিৎসকসহ মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় চিকিৎসকসহ চারজন ও চাঁদপুর সদর উপজেলায় চারজন।




