শরীয়তপুরে নারীসহ ৪ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত
সংবাদদাতা, শরীয়তপুর : শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় দুই নারীসহ চার ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে উপজেলা দুটিতে করোনা রোগী শনাক্ত হলো। এর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) মো. আবদুর রশিদ। আক্রান্ত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের টুমচর গ্রামের (৪০) বছর ও (২২) বছরের দুই নারী এবং (৫০) বছরের এক পুরুষ, তারা একই পরিবারের । অপরজন জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বড় মূলনা গ্রামের (৪৫) বছর বয়সী। সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকার আজিমপুর থেকে ফেরা ওই চার ব্যক্তি শরীয়তপুর জেলার করোনাভাইরাসের রোগী।
প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণের ঘোষণা দেয়া হলে, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা জানান, ওই চার ব্যক্তি গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ ও ঢাকার আজিমপুর থেকে বাড়ি এসে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তারা নারায়নগঞ্জ ও ঢাকার আজিমপুর থেকে এসেছে। পরে সন্দেহ হলে ১০ এপ্রিল তাদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তারপর থেকে তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে রিপোর্ট হাতে পেলে জানতে পানি তারা করোনাভাইরাসে আক্রান্ত।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, আক্রান্ত ব্যক্তিরা বাড়িতেই ছিলেন। সংক্রমণ নিশ্চিত হওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির এলাকা বড় মূলনা গ্রামটিকে লকডাউন করা হয়েছে। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে করে কোন ব্যক্তি ঘর থেকে বের হতে না পারে এবং গ্রামটিতে কেউ প্রবেশ করতে না পারে।




