দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রকোপের মধ্যেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলজুড়ে কালবৈশাখীর পাশাপাশি দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যা।
এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এপ্রিলে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র চার থেকে ছয় দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্য জায়গায় এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।




