করোনা : ত্রাণ নিয়ে গ্রামের পর গ্রাম ছুটছেন এক ইউএনও

করোনাভাইরাস (কভিড-১৯) সাধারণ ছুটিতে পুরো দেশ। ঘরবন্দি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে না খেয়ে কোনো দুস্থ-দরিদ্ররা যাতে না থাকে, সেই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ করছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান।
এমনকি তিনি রাতের আঁধারেও উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে নিজের হাতে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।
সোম ও মঙ্গলবার তিনি উপজেলার এনায়েতপুর গ্রাম ও বিভিন্ন পাড়ায় পাড়ায় এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল ও উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় ।
উপজেলার ১০০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, দেড় কেজি ডাল এবং ১টি করে সাবান বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, করোনার কারণে ঘরবন্দি কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সেটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে নিজেই ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছি। ত্রাণ সামগ্রী উপজেলার সর্বত্র পৌঁছাতে দিনরাত কাজ করে যাচ্ছি।
এ সময় সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন। খাদ্য সংকট দূর করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। দেশ রূপান্তর




