
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৮ জনে পৌঁছেছে। এরমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। ১৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আক্রান্তের মধ্যে ২৪ জন বিদেশি নাগরিক রয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে অধিকাংশ রাজ্যে স্কুল, কলেজ, কার্যালয় থেকে শুরু করে পর্যটনকেন্দ্র বন্ধ করা হয়েছে।
করোনায় সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। এখানে ৪২ জনকে করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া অন্ধ্র প্রদেশে ১, দিল্লিতে ১০, হরিয়ানায় ১৬, কর্ণাটকে ১১, কেরালায় ২৭, পাঞ্জাবে ১, রাজস্থানে ৪, তামিলনাড়ুতে ১, তেলেঙ্গনায় ৫, জম্মু-কাশ্মীরে ৩, লাদাখে ৮, উত্তর প্রদেশে ১৬, উত্তরাখণ্ডে ১, উড়িষ্যায় ১ এবং পশ্চিমবঙ্গে ১ জন আক্রান্ত হয়েছেন।
গতকাল (মঙ্গলবার) লন্ডনফেরত এক যুবকের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। তিনি কোলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ কোলকাতা পুলিশ করোনাভাইরাস সম্পর্কে যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এক সিনিয়র কর্মকর্তা বলেন, কোলকাতা পুলিশ সদর দফতর ও পুলিশ স্টেশনগুলোতে এ বিষয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। কোভিড-১৯ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়ার যে কোনও প্রয়াস রোধ করতে কোলকাতা পুলিশের সাইবার শাখা চব্বিশ ঘন্টা ইন্টারনেট পর্যবেক্ষণ করছে।
আজ (বুধবার) কোলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেছেন, ‘অনুরোধ, সত্যতা যাচাই না করে অযথা করোনা সংক্রান্ত ম্যাসেজ ফরোয়ার্ড করবেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা এ ধরনের পোস্টের উপরে নজর রাখছি। যাঁরা মিথ্যে খবর/গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গুজবে কান দেবেন না। সত্যতা যাচাই করার আগে কোনও কিছু বিশ্বাস করবেন না। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিন। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।’
এদিকে, আজ সকালে পুণেতে নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই নারী সম্প্রতি ফ্রান্স এবং নেদারল্যান্ডস গিয়েছিলেন বলে জানা গেছে। পুণের নায়ডু হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
অন্যদিকে, করোনার হাত থেকে রক্ষা পায়নি ভারতীয় সেনাবাহিনীও। লেহ’তে ৩৪ বছরের এক সেনাকর্মীর শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ায় তাঁকে লেহ’র এসএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর স্ত্রী, দুই সন্তান এবং এক বোনকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পার্সটুডে




