আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত

সৌদি আরবে ভয়াবহ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
আরব নিউজ জানায়, আক্রান্ত সৌদি নাগরিক ইরান ভ্রমণ করেছিল। তিনি বাহরাইন হয়ে দেশে ফিরে আসেন।
মধ্যপ্রাচ্যে প্রায় সব কয়টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইরান থেকে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে দেশগুলোতে।
ইরানে ভাইরাসটিতে এখন পর্যন্ত মারা গেছে ৬৬ জন। সংক্রমণ ঘটেছে দেড় হাজার জনের দেহে। চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে দেশটিতে।
এদিকে ফেব্রুয়ারির শেষের দিকে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরবে করোনাভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ পূর্ব সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়া হয়েছে।’
ইরান থেকে আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এর মধ্যে কুয়েতে ৫৬, বাহরাইনে ৪৯, আরব আমিরাতে ২১, লেবাননে ১৩, কাতারে ৭, ওমানে ৬ জন আক্রান্ত হয়েছে।
সার্বিকভাবে করোনাভাইরাস রোধে যতটা সতর্ক হওয়া উচিত, ইরান ততটা সতর্কতা নিচ্ছে না বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমত। যার জেরে বহু দেশ ইরানের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছে।
তুরস্ক, আফগানিস্তানের পরে কাজাখস্তানও ঘোষণা করেছে ইরানের নাগরিকদের আপাতত দেশে ঢুকতে দেওয়া হবে না। ইরানের সঙ্গে বিমান যোগাযোগও কার্যত বন্ধ করে দিয়েছে কাজাখস্তান। যাত্রীবাহী বিমান চলাচল সীমিত করে নিউজিল্যান্ড।
এর আগে ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরাক, পাকিস্তান, আর্মেনিয়া, তুরস্ক। আফগানিস্তান আকাশ ও সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে দেশটির সঙ্গে।
এদিকে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। চীনে সোমবার আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে।
ডিসেম্বরের শেষের দিকে দেশটির হুবেই প্রদেশের রাজধানী উহানে ভাইরাসটির উৎপত্তি। পরবর্তীতে যার নাম দেয়া হয় কভিড-১৯।
চীনের বাইরে মারা গেছে ১৭২ জন। এদের মধ্যে ইরানে ৬৬ জন, ইতালিতে ৫২ জন, দক্ষিণ কোরিয়ায় ২৯ জন, জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে।
চীনে নতুন করে ১২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১৫১ জনে। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৫০৬ জনে।
প্রাণঘাতী করোনাভাইরাস এখন বিশ্বের ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সিএনএন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button