খেলা

ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়ে এলোমেলো ভারত

প্রথম ইনিংসে অল্প রানের পুঁজি নিয়ে অসাধারণ বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়ে ৭ রানের লিড পেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের ফুটে উঠেছে তাদের ব্যাটিং দৈন্য। দলীয় রান তিন অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই উইকেট ছাড়া ছয় ব্যাটসম্যান!
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯০ রানে রোববারের খেলা শেষ করেছে ভারত। সব মিলিয়ে এখন পর্যন্ত দলটির লিড ৯৭ রান। এর আগে প্রথম ইনিংসে ২৪২ রান করা বিরাট কোহলির দল নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুঁড়িয়ে দেয়।
দ্বিতীয় ইনিংসে উইকেট ছাড়া হওয়া ভারতের উপরের সারির ছয় ব্যাটসম্যানের মধ্যে চেতেশ্বর পুজারা করেন সর্বোচ্চ ২৪ রান। এবারও ব্যর্থ অধিনায়ক কোহলি। তাকে উইকেট ছাড়া হতে হয়েছে মাত্র ১৪ রান করে। কিউইদের বিপক্ষে টানা তিন ইনিংসে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন তিনি।
প্রথম ইনিংসে অর্ধশতক করা পৃথ্বীব শ এবার আউট হয়েছেন ১৪ রান করে। রানের ঘর এক অঙ্কে থাকতেই ফিরতে হয়েছে মায়াঙ্ক আগারওয়াল, অজিঙ্কা রাহানে, উমেশ যাদবকে।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে পেসার ট্রেন্ট বোল্ট ১২ রানে তিন উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন টিম সাউধি, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার।
বিনা উইকেটে ৬৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড আর ১৭২ রান করতেই অলআউট হয়। ২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা টম ল্যাথাম উইকেট ছাড়া হন ৫২ রান করে। অন্যদের মধ্যে কাইল জেমিসন ৪৯ ও টম ব্লান্ডেল ৩০ রান করেন। ২৬ রান করেন গ্র্যান্ডহোম। ২১ রান আসে নেইল ওয়াগনারের ব্যাট থেকে।
ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৮১ রানে ৪ উইকেট নেন। ৬২ রানে ৩ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ ও ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
দল দুটি মধ্যকার ওয়েলিংটন টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button