
বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দিলে রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিলে শুধু সরকার নয়, বাংলাদেশকে দায় নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা এসব কথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। বিনা অপরাধে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দাবি করেন নজরুল ইসলাম খান।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের আবেদন মঙ্গলবার হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। রবিবার এ আবেদনের ওপর শুনানি হবে।
কারামুক্ত হতে হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে জামিন পেতে হবে। স্বাস্থ্যগত কারণ এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে তার জামিন আবেদন করা হয়।
নজরুল ইসলাম খান আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গণ-আন্দোলনের পরিবেশ তৈরিতে বিএনপি কাজ করছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী মানববন্ধন অনুষ্ঠান শেষ করতে না দেওয়ায় ক্ষোভ জানান তিনি। তার দাবি, সরকারের নির্দেশে মানববন্ধন বন্ধ করে দেওয়া হয়েছে।




