ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপির ডাকা হরতাল খুবই ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। বাইরে পুলিশ পাহারা দেয়ায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।
এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনও।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অবস্থান নেন। রিজভীসহ কেন্দ্রীয় নেতারা চেয়ারে বসা। আর অন্য নেতাকর্মীরা তাদের সামনে ফুটপাতে বসা। ইশরাক আসেন বেলা ১১ টার দিকে। তিনি এসেই বিক্ষোভরত নেতাকর্মীদের মাঝে বসে পড়েন।
অনেকে তাকে সম্মান দেখিয়ে পেছনে নেতাদের সঙ্গে চেয়ারে বসতে বললেও তিনি বসেননি। কর্মীদের পাশে ফুটপাতেই বসে পড়েন। এ সময় নিজেই স্লোগানের নেতৃত্ব দেন ইশরাক। তার সঙ্গে শতাধিক নেতাকর্মী ফুটপাতে বসে স্লোগান দিচ্ছেন।
বিএনপি নেতাকর্মীদের ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনার ভোট চোর’, ‘আজকের হরতাল, চলছে, চলবে’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন।
এর আগে সকাল থেকেই হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে যোগ দেন দক্ষিণ সিটিতে বিএনপির হয়ে নির্বাচনে লড়াই করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বিক্ষোভে অংশ নিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে স্লোগান ধরেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী। তার সঙ্গে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এতে প্রকম্পিত হয়ে উঠে নয়াপল্টন এলাকা।
উল্লেখ্য, ঢাকার দুই সিটি নির্বাচনে গতকাল ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনে ইভিএম জালিয়াতির অভিযোগ তুলেছে বিএনপি। নির্বাচন বাতিলের দাবিতে আজ রাজধানীতে হরতাল ডেকেছে দলটি।




