আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অবিলম্বে আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে জাতিসংঘের তাগিদ

অবিলম্বে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে মিয়ানমারকে তাগিদ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ ত্রোসেল এক বিবৃতিতে এই তাগিদ দেন।
বিবৃতিতে তিনি বলেন, আইসিজেতে যে মামলা চলছে, তা অত্যাবশ্যকীয়ভাবে গুরুত্বপূর্ণ। এটি রোহিঙ্গাদের ওপর চালানো অত্যাচার এবং তাদের কঠোরভাবে দমনের অভিযোগে গণহত্যা সনদের অন্তর্ভুক্ত দেশ মিয়ানমারের সম্ভাব্য দায় আইনিভাবে নিরূপণের পথ খুলে দিয়েছে।
ত্রোসেল জানান, রোহিঙ্গা নির্যাতন বিষয়ে যেসব আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহি কার্যক্রম চলছে, সেগুলোর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা দেখাতে মিয়ানমার কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন। সেই সঙ্গে রোহিঙ্গারা যাতে মিয়ানমারে শান্তি ও সম্মানের সঙ্গে বসবাস ও সব মানবাধিকার উপভোগ করতে পারে, সে জন্য সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।
লিজ ত্রোসেল বলেন, ভবিষ্যতে গণহত্যার সমপর্যায়ের কার্যক্রম থেকে রোহিঙ্গা গোষ্ঠীর সদস্যদের রক্ষায় মিয়ানমারকে তাদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নিতে আইসিজে যে আদেশ দিয়েছে, তাকে স্বাগত জানায় মানবাধিকার কমিশন।
বিবৃতিতে তিনি আরও বলেন, বারবার সহিংসতায় আক্রান্ত রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত বারবার গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বারবার রোহিঙ্গাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা এবং তাদের নিপীড়নের সত্যিকারের জবাবদিহির আহ্বান জানিয়েছেন।
সূত্র: ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button