sliderস্থানিয়

সালথায় ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এ এস এম ফেরদাউস (২৮) গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। সংগঠনটি বর্তমানে নিষিদ্ধ।

এদিকে কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের নেতা হিসেবে এলাকায় তাঁর প্রভাব ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েক দিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button