Uncategorized

ছাত্রলীগের নির্যাতনে আহত ঢাবি ছাত্রের অবস্থান

সার্জেন্ট জহুরুল হক হলে চার শিক্ষার্থীকে মারধরের ঘটনার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে নির্যাতনের শিকার মুকিম।
রাজু ভাস্কর্যের পাদদেশে হাতে লেখা বেশ কিছু প্ল্যাকার্ড নিয়ে বসেন তিনি। মুকিমের হাতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘আমার কি হলে থাকার অধিকার নেই?’ ‘আমার হলে আমি নির্যাতিত কেন?’ ‘বিচার চাই’ ।
মুকিম বলেন, ‘গতকালের ঘটনায় আমাকে রাতভর মারধর করা হয়েছে। অথচ আমি শিবিরের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট নই। গত একবছরেরও বেশি সময় আমি হলে ও ক্যাম্পাসে অবস্থান করছি। কখনো আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলতে পারেনি কেউ। কিন্তু হঠাৎ করে কেন এ ধরণের অভিযোগ তা আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এমন অতর্কিত নির্যাতনের কঠোর বিচার দাবি করছি।
মঙ্গলবার রাতে ছাত্রলীগের মারধরের শিকার হন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার ছাত্র। তারা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানওয়ার হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুকিম চৌধুরী, একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মিনহাজ উদ্দীন ও আরবি বিভাগের শিক্ষার্থী আফসার উদ্দীন।
নির্যাতনের ঘটনায় হল শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, হল সংসদের সহসভাপতি সাইফুল্লাহ আব্বাসী অনন্তসহ বেশ কয়েকজন জড়িত বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button