খেলা

আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

গেল বছরে দেখিয়েছেন অসাধারণ সব নৈপুণ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে অসাধারণ ইনিংস খেলে প্রথমবারের মতো ইংল্যান্ডকে জেতান বিশ্বকাপ। এরপর অ্যাশেজে হেডিংলি স্টেস্টে অবিশ্বাস্য এক সেঞ্চুরি করে দলকে এনে দেন রোমাঞ্চকর জয়। এসব নৈপুণ্যে আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটাও জিতে নিলেন বেন স্টোকস।
বুধবার ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ইংলিশ অলরাউন্ডার স্টোকসের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।
নিবন্ধিত গণমাধ্যমকর্মী ও সাবেক খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন করা হয়ে থাকে।
পুরস্কারটি পেয়ে উচ্ছ্বসিত অলরাউন্ডার স্কোকস। এই অর্জনের জন্য সতীর্থ ও দলের কোচিং স্টাফদেরও ধন্যবাদ জানান তারকা এই ক্রিকেটার, “ইংল্যান্ড ক্রিকেটের হয়ে গত ১২টি মাস অনাধারণ কেটেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি তুলে ধরাটা ছিল আমাদের জন্য সেরা অর্জন।”
স্টোকস গত বছরে ব্যাটিং-বোলিং দুটোতেই উজ্জ্বল ছিলেন। কুড়িটি ওয়ানডে খেলে ৭১৯ রানের পাশাপাশি নেন ১২টি উইকেট। আর এগারোটি টেস্ট খেলে ৮২১ রান করার পাশাপাশি নিয়েছেন ২২টি উইকেট!
এছাড়া ফিল্ডিংয়েও আছে তার অসাধারণ কিছু পারফরম্যান্স। আছে স্মরণীয় কিছু ক্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাফিয়ে ওঠে এক হাতে দারুণ একটি ক্যাচ ধরেন তিনি।
বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পাশাপাশি বর্ষসেরা আইসিসি টেস্ট ও ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন ২৮ বছর বয়সী স্টোকস। বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি তিনিই। আর ওয়ানডে দলে স্টোকসের পাশাপাশি আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলারও।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের রোহিত শর্মা। ওয়ানডেতে গত বছরে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরিসহ মোট সাতটি সেঞ্চুরি করেছেন এই ওপেনিং ব্যাটসম্যান!
৫৯টি উইকেট নিয়ে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্স। জাতীয় দলে তার সতীর্থ মার্নাস লাবুশানে হয়েছেন বর্ষসেরা সেরা উদীয়মান খেলোয়াড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button