খেলা

সিলেটকে হারিয়ে শেষ চারে রাজশাহী

সিলেট থান্ডারের হ্যাটট্রিক হারে শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) সিলেট পর্ব। শনিবার সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে হেরেছে তারা ৬ উইকেটে। সহজ জয়ে আসরের শেষ চার নিশ্চিত হয়েছে রাজশাহীর।
এর আগে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৩ রানের পুঁজি গড়ে সিলেট থান্ডার। জবাবে ৪.৫ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে রাজশাহী।
আসরের শুরু থেকেই ধুঁকতে থাকা সিলেট থান্ডার ভালো কিছুর স্বপ্ন নিয়েই সিলেটে পা রেখেছিল। যদিও ঢাকা পর্বেই তাদের ছিটকে যাওয়া নিশ্চিত হয়। তবে সিলেট থেকে কিছুই পাওয়া হলো না দলটি। স্বাগতিক দল তিন ম্যাচ খেলে হারল তিনটিতেই।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মোটেও সুবিধা করতে পারেনি সিলেট। এরপরও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ভর করে মোটামুটি একটা পুঁজি গড়ে দলটি। সর্বোচ্চ ৪৭ রান করেন মিঠুন। এ ছাড়া ২৫ রান করে এসেছে আন্দ্রে ফ্লেচার ও শেরফান রাদারফোর্ডের ব্যাট থেকে। রাজশাহীর পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন অলক কাপালি।
জবাব দিতে নেমে লিটন দাস ও আফিফ হোসেন দুর্দান্ত শুরু এনে দেন রাজশাহীকে। ৫.৪ ওভারে যোগ করেন ৫৯ রান। লিটন ২০ বলে ৩৬ রান করে ফিরলে এই জুটির পতন হয়। আফিফ ফিফটির আশা জাগিয়েও পারেননি। রান আউটে কাটা পড়েছেন। তবে ৩০ বলে ৮ চারে দলীয় সর্বোচ্চ ৪৬ রান করেন তিনি।
এ ছাড়া শোয়েব মালিক ২৭ ও মোহাম্মদ নওয়াজ অপরাজিত ১৭ রান করেন। সিলেটের পক্ষে দেলোয়ার হোসেন সর্বাধিক ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন আফিফ হোসেন।
১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর ১১ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে সিলেট আছে সবার তলানিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button