আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নিজেদের সব নাগরিককে ইরাক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

বিমান হামলায় শীর্ষ ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার পর নিজেদের সব নাগরিককে ‘তাৎক্ষণিক’ ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
‘ইরাক এবং এই অঞ্চলে উত্তেজনা বাড়ার’ বিষয়টি উল্লেখ করে নাগরিকদের এই নির্দেশনা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এতে আরও বলা হয়, মার্কিন দূতাবাসে ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার কারণে সব ধরনের কনস্যুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। মার্কিন নাগরিকরা যেন দূতাবাসে না যায়।
আলজাজিরা জানায়, শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।
ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটলো।
জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।
এদিকে কংগ্রেসের অনুমতি ছাড়া শীর্ষ ইরানি কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার শীর্ষ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button