কয়েকশ পণ্যের আমদানি শুল্ক কমালো চীন

আগামী বছরের শুরু থেকে হিমায়িত শুকরের মাংস, উচ্চমাত্রার প্রযুক্তি ছাড়াও ফারমাসিটিউক্যালস, কাঠ ও কাগজজাত পণ্যসহ কয়েকশ পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে চীন। বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে দেশের অর্থনীতিকে সহায়তা করতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী চীনের অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, মোট ৮৫৯টি পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর এই সিদ্ধান্ত ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এসব পণ্যের ওপর উচ্চমাত্রায় শুল্ক আরোপ করে রেখেছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্যে যুদ্ধের কারণে চীনের অর্থনীতির গতি কিছুটা শ্লথ। এছাড়া বাণিজ্য যুদ্ধের ফলে দেশীয়ভাবে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মূখীন হয়েছে চীন। দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে, শুল্ক কমানোর এই সিদ্ধান্ত আমদানি বাড়িয়ে দেশের সংশ্লিষ্ট ঘাটতি পূরণ করবে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি মেটাবে।
সম্প্রতি আফ্রিকায় সোয়াইন ফ্লু ভাইরাস মহামারীর কারণে চীনে মাংসের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে হিমায়িত খাবারের ওপর আরোপিত আমদানি শুল্ক ১২ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করা হয়েছে। যাতে করে হিমায়িত মাংস আমদানি করে মাংসের সংকট নিরসনের আশা করছে দেশটি।
চীনের অর্থ মন্ত্রণালয় বলছে, চীনের সঙ্গে পূনরালোচিত মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় নিউজিল্যান্ড, পেরু, কোস্টারিকা, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, চিলি ও পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরও হ্রাস করা হবে।
বাকি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত অ্যাভোকাডো ও কাগজ ও কাঠের তৈরি জিনিসপত্র। এছাড়া হাঁপানি ও ডায়াবেটিসের মতো রোগের ওষুধ আমদানির ওপর শুল্ক কমিয়েছে চীন। অস্থায়ী ভিত্তিতে এসব পণ্য আমদানির ওপর স্বাভাবিকের চেয়ে শুল্কহার কমালো। গত বছরও এমন পদক্ষেপ নিয়েছিল চীন সরকার।




