নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের অগ্ন্যুৎপাতে নিহত ১৬

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এর মধ্যে একজন অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছেন।
বিবিসি জানিয়েছে, ২০ জন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দুই জনের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।
৯ ডিসেম্বর দুপুর ২টা ১১ মিনিটে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠে। এ সময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।
সিএনএন জানায়, অগ্নি উদ্গিরণ শুরুর একদিন পরও হোয়াইট আইল্যান্ডের এই অগ্নিগিরি থেকে বাষ্প বেরোতে দেখা যায়।
দেশটির মূল ভূখণ্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে দ্বীপটির অবস্থান। হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিটি হোয়াকারি নামেও পরিচিত।
দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনও জানান, অগ্ন্যুৎপাতের পর দ্বীপটিতে প্রাণের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এখন তাদের মনোযোগ ক্ষতি মোকাবিলার দিকে।




